স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ সেপ্টেম্বর: কৈলাসহরের টিলাবাজারের
৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা
আনোয়ার আলী ও তাঁর পরিবারের উপর হামলার চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ অনুযায়ী, প্রায়
এক মাস আগে রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনোয়ার আলী, তার বাবা
ও মাকে একদল দুষ্কৃতী মারধর করে। এই ঘটনায় মালিক মিঞা ও জসিম আলী সহ প্রায় ৮ থেকে
১০ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন আনোয়ার আলী। ঘটনার পর তিনি ইরানি থানায় লিখিত
অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি
তাঁর।
আনোয়ারের আরও অভিযোগ, প্রথম ঘটনার পরও অভিযুক্তরা
এলাকায় ঘোরাফেরা করছিলেন, রাস্তা আটকে রাখার কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে
ফিরতে সমস্যায় পড়ছিলেন।এরই মধ্যে আজ ফের হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আনোয়ারের মা
বাড়িতে একা থাকার সুযোগে কয়েকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায়
তার মাথায় গুরুতর আঘাত লাগে।ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পরে পুলিশের গাড়িতে করে আহত মহিলাকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে
তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা
নেওয়ার দাবি জানিয়েছেন আনোয়ার আলী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান