Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠকে বিজেপির প্রস্তুতি জোরদার

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠকে বিজেপির প্রস্তুতি জোরদার

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠকে বিজেপির প্রস্তুতি জোরদার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শনিবার আগরতলায় দলের উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনী প্রস্তুতির রূপরেখা তৈরি এবং দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বৈঠকে মন্ত্রী, বিধায়ক, এমডিসি, জেলা মণ্ডল সভাপতি, রাজ্য কমিটির পদাধিকারী এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে মূলত ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মীরা বৈঠকে অংশ নেন। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এবং সাংগঠনিক দায়িত্ব পালনের বিষয়ে নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

মানিক সাহা বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এই সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন। সংশ্লিষ্ট বিধায়করাও উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে কী কী করা প্রয়োজন এবং কী কী বিষয় এড়িয়ে চলতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, দলের সাংগঠনিক বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি যাতে সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য দলের নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় জানান, এই বৈঠকের আলোচনার পরিধি শুধুমাত্র ভিলেজ কমিটি নির্বাচনেই সীমাবদ্ধ ছিল না। আসন্ন উপনির্বাচনসহ ভবিষ্যতের অন্যান্য নির্বাচন নিয়েও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

অভিষেক দেবরায়ের বক্তব্য অনুযায়ী, এনডিএ জোট গঠনের পর দলের বিভিন্ন স্তরে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, বিধায়ক, মন্ত্রী, রাজ্য কমিটির পদাধিকারী, প্রবীণ নেতা এবং অন্যান্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা অংশ নেন।

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির এই সাংগঠনিক তৎপরতা রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় কর্মকাণ্ড আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিও তৃণমূল স্তরে নিজেদের কার্যক্রম জোরদার করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার স্পিকার তথা বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকসহ দলের অন্যান্য নেতা-নেত্রীরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha