Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত, থানায় মামলা

দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত, থানায় মামলা

দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : মানবিকতার তাগিদে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু সেই মানবিক উদ্যোগেরই মাশুল দিতে হল মারধর, হেনস্তা এবং ছিনতাইয়ের শিকার হয়ে। বিশ্বকর্মা পূজার রাতেই এমন চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর বাইপাস সংলগ্ন এলাকায়। অভিযোগের তীর একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই চেব্রি এলাকার বাসিন্দা যতন রুদ্র পাল তাঁর ব্যক্তিগত গাড়ির চালককে সঙ্গে নিয়ে তেলিয়ামুড়ায় ব্যক্তিগত কাজ সেরে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দক্ষিণ পুলিনপুর বাইপাস সংলগ্ন এলাকায় পৌঁছতেই তাঁদের নজরে আসে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন এক পুরুষ, এক মহিলা এবং একটি শিশু।

মানবিকতার খাতিরে গাড়ি থামিয়ে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে এগিয়ে আসেন যতন রুদ্র পাল ও তাঁর চালক। কিন্তু অভিযোগ, ঠিক সেই সময় একটি স্কুটিতে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে তাদের উপর চড়াও হয়। অভিযোগ, এরপরই যতন রুদ্র পাল সহ তার গাড়ি চালককে মারধরও করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পিছিয়ে যাননি তিনি। শেষ পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত তিনজনকে নিজের ব্যক্তিগত গাড়িতে করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন যতন রুদ্র পাল। কিন্তু অভিযোগ, বিপদ যেন হাসপাতালেও পিছু ছাড়েনি।

হাসপাতালে পৌঁছানোর পর যতন বাবুর গাড়ির চালক কোনও কাজে বাইরে বেরিয়ে গেলে সেই সুযোগে একাধিক যুবক তাঁকে হাসপাতালের ভেতর থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসে বলে অভিযোগ। এরপর তাকে বেধড়ক মারধরের পাশাপাশি গলায় থাকা সোনার চেন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। সবচেয়ে গুরুতর অভিযোগ, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডদের সামনেই নাকি এই হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাহলে প্রশ্ন উঠছেহাসপাতালের মতো নিরাপদ জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের চোখের সামনে কীভাবে এমন ঘটনা ঘটল? প্রাণ বাঁচাতে কোনওক্রমে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন যতন রুদ্র পাল ও তাঁর গাড়িচালক বলে জানা যায়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর শনিবার, তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যতন রুদ্র পাল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ন্যায়বিচার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha