Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য চা বাগানের চা গাছ বুল ডোজার দিয়ে কাটার অভিযোগ, শ্রমিকদের ক্ষোভ

চা বাগানের চা গাছ বুল ডোজার দিয়ে কাটার অভিযোগ, শ্রমিকদের ক্ষোভ

চা বাগানের চা গাছ বুল ডোজার দিয়ে কাটার অভিযোগ, শ্রমিকদের ক্ষোভ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : চা বাগানের চা গাছ বুল ডোজার দিয়ে কাটার অভিযোগ। প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা। ঘটনা খোয়াইয়ের ধলাবিল চা বাগানে। অভিযোগ, চা গাছ বোল্ডোজার দিয়ে কেটে ফেলে দেওয়ার ঘটনাকে ঘিরে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সরকারি অফিস নির্মাণের জন্য বাগানের জমি পরিষ্কার করা হচ্ছে বলে ঘটনাস্থলে থাকা এক ঠিকাদার শ্রমিকদের জানিয়েছেন বলে অভিযোগ। জানা যায়, চা বাগানের একটি অংশে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার সময় বিষয়টি নজরে আসে কর্মরত চা শ্রমিকদের। শ্রমিকরা ঘটনাস্থলে এসে কারণ জানতে চাইলে সেখানে থাকা এক ঠিকাদার জানান, ওই এলাকায় সরকারি অফিস নির্মাণ করা হবে। সেই কারণেই জায়গাটি পরিষ্কার করা হচ্ছে। এরপরই কাজে বাধা দেন চা বাগানের শ্রমিকরা।

 শ্রমিকদের অভিযোগ, খোয়াই চা বাগান একটি চা শিল্প সমবায় সমিতির মাধ্যমে পরিচালিত হয়। সমিতির সভাপতি সম্পাদক রয়েছেন। অথচ তাঁদের আগাম কিছু না জানিয়েই কীভাবে চা গাছ কেটে জমি পরিষ্কার করার কাজ শুরু করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা।শ্রমিকদের আরও অভিযোগ, একসময় খোয়াই চা বাগানের ওপর প্রায় এক হাজার শ্রমিকের পরিবার নির্ভরশীল ছিল। বর্তমানে বাগানটি কার্যত অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে এবং শ্রমিকের সংখ্যা কমে প্রায় দুইশতে দাঁড়িয়েছে। বর্তমানে বাগানে যতটুকু চা গাছ রয়েছে, সেটুকুর উপরই অবশিষ্ট শ্রমিকদের জীবিকা অনেকটাই নির্ভরশীল। এই পরিস্থিতিতে নির্বিচারে চা গাছ কেটে ফেলা হলে ভবিষ্যতে শ্রমিকদের জীবিকা আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। শ্রমিকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোয়াই মহকুমা শাসকের সঙ্গে কথা বলবে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা হওয়ার পরই পরবর্তী কাজ শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা। চা বাগানের জমিতে সরকারি অফিস নির্মাণের পরিকল্পনা থাকলে তার আগে সমবায় সমিতি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে দাবি শ্রমিকদের। এখন দেখার বিষয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha