বাড়িরাজ্যমাথার উপর ঝুলছে সিলিং, অস্তিত্বের জন্য লড়াই করছে ৭০ বছর পুরনো বিদ্যালয়

মাথার উপর ঝুলছে সিলিং, অস্তিত্বের জন্য লড়াই করছে ৭০ বছর পুরনো বিদ্যালয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : মাথার উপর ঝুলছে সিলিং। সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো ঘিরে ক্ষোভ বাড়ছে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মহলে। জানা যায়, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়—এক সময় যার নাম ছিল গর্বের প্রতীক। এই বিদ্যালয় থেকে বহু কৃতি ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে। অথচ যে প্রতিষ্ঠান তাদের গড়ে তুলেছিল, আজ সেই বিদ্যালয়ই যেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী হল এখন যেন ‘স্মৃতির জাদুঘর’ নয়, বরং ভাঙনের প্রতিচ্ছবি। কোথাও সিলিংয়ের পলেস্তারা খসে পড়ছে, কোথাও বৈদ্যুতিক তার ঝুলছে বিপজ্জনক অবস্থায়। সঠিক ওয়্যারিং কিংবা পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থার অভাব যেন প্রতিদিনই নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে।

 শ্রেণি কক্ষ গুলোর অনেক গুলোই বহু দশকের পুরনো, আর বিদ্যালয় চত্বরে এখনও নেই একটি পূর্ণাঙ্গ দেওয়াল। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তাটুকুও কি বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে? এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল বিকাশ দেব স্বীকার করেছেন, বিদ্যালয়ের বিভিন্ন ভবন, বিশেষ করে সুবর্ণ জয়ন্তী হলের একাধিক স্থানে সিলিং খসে পড়ছে। বিদ্যুৎ সংযোগ ও ওয়্যারিং ব্যবস্থাও অত্যন্ত পুরনো এবং ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।অভিভাবকদের একাংশের ব্যঙ্গাত্মক মন্তব্য, এই বিদ্যালয়ে পড়তে এলে শুধু বই নয়, মাথার উপর থেকে সিলিং পড়ার দিকেও নজর রাখতে হয়! এখন প্রশ্ন ৭৬ বছরের ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয় কি শুধুই অতীতের গৌরব নিয়েই বেঁচে থাকবে, নাকি আধুনিক ও নিরাপদ পরিকাঠামো পাবে—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাব্রুমবাসীর মনে। বিদ্যালয়টি অবিলম্বে সংস্কার করতে দাবি উঠেছে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মহল থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য