স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে দুই থানায় তিনটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সিধাই থানায় দুটি অভিযোগ জমা দেন ইন্দ্রজিৎ দত্ত এবং জয়ন্ত দেবনাথ নামে দুজন ব্যক্তি। এদিকে লেফুঙ্গা থানায় অভিযোগ জমা করেছেন রাজ সিং দেববর্মা। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ গত ১০ আগস্ট আগরতলায় জেল ভরো কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আন্দোলন আরো তীব্র করার কথা বলে উস্কানিমূলক মন্তব্য করেছেন।
এ বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক অনুষ্ঠানে গিয়ে বলেন, একের পর এক ভুল কথাবার্তা বলছেন তারা। তারা বিগত দিনে মানুষের ইচ্ছায় সরকার আসতে দেয়নি। বিভিন্নভাবে ছলচাতুরি করে সরকারে আসতো। এমনকি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে সরকার গঠন করেছিল তারা। মুখ্যমন্ত্রী আরো বলেন, তারা এখন বসে আছে সরকার গঠন করতে। তাই যা ইচ্ছে বলছে। এগুলি অন্যায়। মানুষকে বিভ্রান্ত করছে তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন বাবু বলেছিলেন, তিনি যদি জনজাতি হতেন তাহলে উগ্রপন্থী হতেন। এভাবে ৩৫ বছর তারা সরকার পরিচালনা করেছে। বর্তমান সরকার উগ্রপন্থীদের মূল স্রোতে ফিরিয়ে এনে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করেছে।
কিন্তু
বিরোধীরা এখন ষড়যন্ত্র করেছে। তাদের বক্তব্যে জঙ্গিপনার মানসিকতা ফুটে উঠছে। তাদের মুখ এবং মুখোশ আলাদা হয়ে গেছে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, তার বক্তব্য বিকৃত করে অসত্যের আশ্রয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি তাঁর নজরে এসেছে কৈলাশহরে শিলান্যাস করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পেয়েছে। নিজেদের ব্যর্থতা এবং দুর্বলতা রক্ষা করতে এই মিথ্যার আশ্রয়
নিয়ে চলেছেন তারা। সরকারের মদতে কয়েকজন এফ আই আর
করেছেন। কিন্তু এগুলি করে আমাদের কাবু করতে পারবে না। এগুলি বরং সরকারের দুর্বলতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী শাসক দলকে নিশানা করে আরো বলেন, তাদের অপেক্ষা করতে হবে ঘরে ঘরে জনরোষ তৈরি হচ্ছে। এগুলোই আগামী দিন তাদের মোকাবিলা করতে হবে বলে অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান