স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বৃদ্ধার দুর্দশার খবর স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভিতে প্রকাশের পর পাশে দাঁড়ালেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা সান্তনা বালা দাস।
বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা জীবনের শেষ প্রান্তে এসে একপ্রকার একাই দিন কাটাছেন। পাশে নেই কোনো স্বজন, এমনকি তাঁর জীবনযাপনের একমাত্র ভরসা বৃদ্ধ ভাতাটুকুও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে কোন এক অজ্ঞাত কারণে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর, উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস সহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তিনি বঞ্চিত। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের। সোমবার তিনি নিজে ওই বৃদ্ধার বাড়িতে ছুটে যান। তাঁর সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ খবর নেন। এরপর নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন সহায়তা এবং নগদ অর্থ দিয়ে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বিধায়িকা।
বিধায়িকা জানান, কোনো একটি কারণে সাময়িকভাবে বৃদ্ধার ভাতা বন্ধ রয়েছে। খুব শীঘ্রই যাতে পুনরায় ভাতা চালু করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই ওই বৃদ্ধার বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুৎ পরিষেবা, ঘর এবং শৌচালয়ের ব্যবস্থা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ড তথা সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর নিতীন কুমার সাহা। তিনিও বৃদ্ধার সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিন একই এলাকার আরও এক স্বামীহারা অসহায় বৃদ্ধার বাড়িতেও যান বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাঁরও খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এখন দেখার বিষয় বিধায়িকার আশ্বাস আগামী দিন কতটা বাস্তবায়ন হয়।

