স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : রাষ্ট্রবাদী নিগো মাফিয়াদের দৌরাত্ম্যে আগরতলা শহরের ফাঁড়ি রাস্তা গুলি সংস্কারের অভাবে ভুগছে। রাষ্ট্রবাদী দলের স্থানীয় নেতা, এবং নিগো মাফিয়াদের যোগসাজশে যে অর্থ রাশি দিয়ে রাস্তা সংস্কারের কথা, তার ৫০ শতাংশ অর্থ পর্যন্ত ব্যয় করা হচ্ছে না। টেন্ডার হতেই পারসেন্টেজ অনুযায়ী জনগণের অর্থ গিলে খাচ্ছে রাষ্ট্রবাদীরা। এতে করে রাস্তা সংস্কারের কাজ হয়তো আটকে যাচ্ছে, নয়তো অত্যন্ত নিম্নমানের হচ্ছে। এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে অটো চালকরা। অটো চালকদের অভিযোগ দীর্ঘ দিন ধরে ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাস মহেশখলা পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে রয়েছে।
এই রাস্তা দিয়ে অটো চালাতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। তার উপর প্রতিদিন অটোর যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। এতে করে অটো চালিয়ে লাভের পরিবর্তে তাদের লোকসান হচ্ছে। তাদের আরও অভিযোগ এই সড়ক দিয়ে প্রতিনিয়ত বড় বড় যানবাহন চলাচল করে। এতে করে রাস্তাটি দিনের পর দিন আরও বেহাল হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে।
অটো চালকরা আরও জানান প্রশাসন থেকে কোন আশ্বাস না পেলে তাদের সড়ক অবরোধ জারি থাকবে। শুধুমাত্র এই রাস্তাটি নয়, ইছা বাজার থেকে বাইপাস যাওয়ার রাস্তাটি পর্যন্ত বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। অপরদিকে দুর্গা চৌমুহনি থেকে বড়জলা রোড এবং গান্ধী ঘাট এলাকা সহ বিভিন্ন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সরকার এবং আগরতলা পুর নিগম শুধুমাত্র বর্ষার দোহাই দিয়ে কাজ করা যাচ্ছে না বলে বছরে পর বছর কাটিয়ে চলেছে। প্রতিদিন মানুষের কতটা দুর্ভোগ হচ্ছে সেটা হয়তো মন্ত্রী, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের ভি আই পি গাড়ি থেকে ধারণা করা যায় না।

