স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : শুক্রবার হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে রাজ্য ভিত্তিক আশা কনভেনশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য ভিত্তিক আশা কনভেনশনের উদ্বোধন করে আশা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, অনেক সময় দেখা যায় রাস্তায় নেমে আন্দোলন করতে। কিন্তু কেউ যেন আন্দোলনের ফাঁদে পাড়া না দেয়। বর্তমান সরকারের সময় আন্দোলনের কোন প্রয়োজন।
অনেক সময় অনেক লোক নিজেদের স্বার্থে ভুল বুঝানোর চেষ্টা করবে। তাদের ফাঁদে পা না দেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন আশা কর্মীদের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে। রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণের কথা বলে। প্রধানমন্ত্রীও মহিলাদের স্বশক্তিকরণের উপর গুরুত্ব দিয়েছেন। মহিলাদের রাজনৈতিক দিক থেকে স্বশক্তিকরণের লক্ষ্যে একটি বিলের সংশোধনী আনতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধীরা সেই সংশোধনী বিল পাশ হতে দেয় নি। তবে আগামিদিনে সেই বিল পাশ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারের অগ্রাধিকার ক্ষেত্র। স্বাস্থ্য ক্ষেত্রকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি স্বাস্থ্য কর্মী ও আশা কর্মীদের ভূমিকা অপরিসীম। রাজ্যের পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতে চাইত। বর্তমান সরকার সমস্যার নিরসন করে সরকারে থাকতে চায় বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন আশা কর্মীরা মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষকে সচেতনও করে। মানুষ আশা কর্মীদের জন্য অপেক্ষায় বসে থাকে। আশা কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে প্রাথমিক চিকিৎসা পরিষেবা। তার জন্য আশা কর্মীদের সময়ে সময়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বলে জানান মুখ্যমন্ত্রী। এইদিন আশা কনভেনশন শেষে রাজ্যের পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৪ টি মোবাইল মেডিকেল ইউনিটের সূচনা করা হয়। আধুনিক সুবিধাযুক্ত এই মোবাইল ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা গ্রহনে করতে পারবে এডিসি এলাকার জনগণ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধিকর্তা জিএস নায়েক, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক। এদিনের কনভেনশনে আশা কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।

