স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় ছাত্র সংগঠনের সদস্যরা।অভিযোগ, এই সমস্যাগুলির জেরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। তারা মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এই প্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে এদিন কলেজ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ শ্যামল দাসের কুশপুতুল পুড়ানো হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিক্ষোভের পর ছাত্র সংগঠনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানায়। তাদের অভিযোগ, বারবার একই বিষয়ে তাদের ব্যাক আসছে। এছাড়াও অনেক ক্ষেত্রে পরীক্ষায় উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে অনুপস্থিত দেখানো হচ্ছে। যা শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর গুরুতর প্রভাব ফেলছে বলে তাদের দাবি।
এছাড়াও কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের উপর দায় চাপানো হয়। বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষের দিকে দোষারোপ করা হয়। এই দায় এড়ানোর প্রবণতার ফলে সাধারণ ছাত্র-ছাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সময়মতো এবং সঠিকভাবে ফলাফল প্রকাশ না হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। বর্তমানে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু ছাত্র-ছাত্রী বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক সমস্যার কারণে ফর্ম ফিলাপ করতে পারছেন না, যা তাদের শিক্ষাজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু শিক্ষাগত সমস্যা নয়, কলেজের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলেজের প্রতিটি ভবনে সিসিটিভি ক্যামেরা মেরামত ও সচল করা।
পরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছে যে আগামী ১৫ দিনের মধ্যে উত্থাপিত সমস্যাগুলির সমাধান করা হবে। তবে অবিলম্বে সমস্যা গুলি সমাধান নাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তারা।

