স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে : রাজ্যেও উদযাপন করা হল সোমনাথ স্বাভিমান পর্ব। আগরতলায় রাজ্য স্তরের সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য কলস যাত্রা অনুষ্ঠিত হয় সোমবার সকালে। এই কলস যাত্রা শুরু হয় সেলস ট্যাক্স অফিসের বিপরীতে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট থেকে। সেখান থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় শিব বাড়িতে আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠান মঞ্চে গিয়ে।
সেখান উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালে লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল সোমনাথ মন্দির পরিদর্শন করেন। এবং সোমনাথ মন্দির পুনঃনির্মাণের জন্য সংকল্প করেন। পরবর্তী সময় ১৯৯১ সালের ১১ মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে সোমনাথ মন্দিরের উদ্বোধন করা হয়। সোমনাথ মন্দিরের ৭৫ বছর পূর্ণ হল সোমবার। সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠার মধ্যদিয়ে সভ্যতার গৌরবের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।
প্রধানমন্ত্রী ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। সোমনাথ মন্দিরের জন্য সোমনাথ ট্রাস্ট গঠন করা হয়েছে। নিজেদের ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ-এর রাস্তা হারিয়ে যাবে। ইতিহাসকে জানতে হবে বুঝতে হবে, আগামি প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। সোমনাথ স্বাভিমান পর্ব ২০২৭ সালের ১১ মে পর্যন্ত এক বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় স্তরে উদযাপন করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। যুব সমাজকে যত বেশি এই কর্মসূচিতে সামিল করা যাবে তত বেশি যুব সমাজ এই বিষয়ে জানতে পারবে। ত্রিপুরা মানুষ অনেক কিছু জানে, তবে পুরানো ইতিহাস অনেক কিছু জানে না। ইতিহাসকে সামনে রেখে বারে বারে সোমনাথ মন্দিরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন ভারতবর্ষকে আধ্যাত্মিক দেশ হিসাবে সমগ্র বিশ্ব জানে। এইদিনের বর্ণাঢ্য কলস যাত্রায় শতশত মহিলা কলস নিয়ে সামিল হয়।

