স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে : বৃষ্টির সময় ৩৩ কেভি বিদ্যুতিক লাইনে আগুন ধরে যায়, এই আগুনের ফুলকি পড়ে আহত ৮ জন মাদ্রাসা ছাত্রী! ঘটনা সোনামুড়া রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার অরমারা মাদ্রাসা ও এতিমখানায়। ঘটনার বিবরণে জানা যায়, মাদ্রাসার সঙ্গে দিয়ে একটি ৩৩ কেভি সম্পন্ন এসটি লাইন রয়েছে। রবিবার ছুটির দিন বৃষ্টির সময় এই বিদ্যুতিক লাইন থেকে আগুনের ফুলকি ঝরে পড়ে।
ছাত্রীরা মাদ্রাসার বারান্দায় ছিল তখন। আগুনের ফুলকি কয়েকজনের উপর পড়লেও বাকিরা ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। সাথে সাথে কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা শুরু করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে দাবি উঠেছে এসটি লাইনটি সরিয়ে দেওয়ার জন্য। কারণ এর আগেও এ ধরনের বিপদজনক ঘটনা সংঘটিত হয়েছে মাদ্রাসায়। তাই বিদ্যুৎ নিগমের কাছে দাবি এসটি লাইনটি যেন মাদ্রাসার সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে আর না রাখা হয়।

