স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মে : বামুটিয়ায় ভারতীয় মজদুর সংঘের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘিরে সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সংগঠনের কর্মীদের এ ধরনের আচরণে ধর্মনগরের পর আবারো কালিমা লিপ্ত রাজ্যের রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠন। দুই গোষ্ঠির মধ্যে মারপিটের ঘটনায় আহত একজন অটো চালক। বিএমএস বামুটিয়া অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার দুই পক্ষের মধ্যে এই মারপিটের ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত, গাড়ির লাইন নম্বর ধরাকে কেন্দ্র করে মারপিট হয়।অটোর নম্বর ধরতে গেলে প্রণব বণিক নামে এক অটো চালকের উপর সুদীপ্ত দাস নামে অপর এক অটো চালক আক্রমণ করে। এতে রক্তাক্ত হয় প্রণব বণিক। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনা মূলত আবারও কমিটি গঠনকে কেন্দ্র করেই। পরে প্রণব বণিককে মারধরের প্রতিবাদে অন্য অটো চালকরা বিএমএস অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার অফিসে তালা ঝুলিয়ে দেয়।গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
যদিও ঘটনার পর কালী বাজারে বিশাল নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। তবে এই ঘটনা নিয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি প্রীতম চাকমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গোটা বিষয়টি এড়িয়ে যান। এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে বেশ কয়েকদিন যাবত উত্তপ্ত বামুটিয়া। গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আহত অটো শ্রমিক প্রণব বণিক। আন্দোলনকারীরা আরো জানান পুলিশ প্রশাসন যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

