বাড়িবিশ্ব সংবাদ১০ হাজার টনের পরমাণু-সক্ষম যুদ্ধজাহাজ নির্মাণে বড় পরিকল্পনা কিমের

১০ হাজার টনের পরমাণু-সক্ষম যুদ্ধজাহাজ নির্মাণে বড় পরিকল্পনা কিমের

পিয়ংইয়ং, ২৪ জুন (হি.স.) : উত্তর কোরিয়ার নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি ১০ হাজার টন ধারণক্ষমতার নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা করলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

মঙ্গলবার পশ্চিম উপকূলের নামপো বন্দরে ‘চোয়ে হিয়ন’ নামের নতুন ডেস্ট্রয়ার কমিশনিং অনুষ্ঠানে এই ঘোষণা করেন কিম। এটি উত্তর কোরিয়ার সামরিক আধুনিকীকরণ কর্মসূচির আওতায় নির্মিত দুটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ারের একটি।

অনুষ্ঠানে কিম বলেন, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই আরও কার্যকর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, খুব শীঘ্রই ‘কাং কন’ নামে আরও একটি ডেস্ট্রয়ার নৌবাহিনীতে যুক্ত হবে। পাশাপাশি ভবিষ্যতে ১০ হাজার টন ধারণক্ষমতার কৌশলগত যুদ্ধজাহাজ ও ক্রুজার নির্মাণ শুরু হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর দুটি উন্নত যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে কিম নিজে ‘চোয়ে হিয়ন’ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া তদারকি করেছিলেন। এর মাধ্যমে সমুদ্রভিত্তিক হামলা চালানোর সক্ষমতা বাড়ানোর ওপর উত্তর কোরিয়ার জোর স্পষ্ট হয়েছে।

সোমবার শেষ হওয়া শাসক ওয়ার্কার্স পার্টির বৈঠকে কিম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। তাঁর দাবি, এই পরিস্থিতির কারণেই সামরিক আধুনিকীকরণ অব্যাহত রাখা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা কার্যত স্থবির হয়ে রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া উন্নত কৌশলগত অস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশটির এই নতুন নৌ-সামরিক সম্প্রসারণ পরিকল্পনা পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য