স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মে : জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলমগ্ন গোটা এলাকা। প্রতিবাদে কুমারঘাট-কৈলাশহরের সোনাইমুড়ি ১ নং ওয়ার্ডের অন্তর্গত রাখালিয়া এলাকায় সড়ক অবরোধ করল এলাকাবাসী। জানা যায়, দীর্ঘদিন ধরে কুমারঘাটের সোনাইমুড়ির রাখালতলী এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে রাস্তাঘাটের চরম সমস্যায় পড়তে হচ্ছেন স্থানীয় এলাকাবাসীর।
সোনাইমুড়ী এলাকায় শুক্রবার রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান এলাকাবাসী। অমলেন্দু মালাকারের ছেলে রঞ্জিত মালাকার জানান, জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে গোটা বাড়িঘর জলমগ্ন হয়ে থাকছে। রান্নার কাজ এবং প্রাকৃতিক কাজ করতে পারছে না। বহুবার জল নিকাশি ব্যবস্থার জন্য মহকুমা শাসক থেকে শুরু করে গ্রামের প্রধান ও উপপ্রধানের কাছে জানানো হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে কোনরকম সাড়া মিলছে না। দ্রুত সমাধান করার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এবং তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। এদিনের অবরোধকে ঘিরে রাস্তায় দু’পাশে যানজট তৈরি হয়।

