স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মে : জনগণের করের টাকায় সরকারি কর্মচারীর বেতন দেওয়া হয়। রাজ্যের সরকারি কর্মচারীদের মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, রাজস্ব দপ্তর এবং নির্বাচন দপ্তরে নয়া চাকুরি প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হল অফার লেটার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার সাথে কাজ করলে তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব।
মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় রয়েছে। আর ডাবল ইঞ্জিনের সবচেয়ে বড় ইঞ্জিন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী এইদিন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন পশ্চিমবঙ্গে পরিবর্তন অত্যন্ত জরুরি ছিল। পশ্চিমবঙ্গে আগে অদ্ভুৎ একটা সরকার ছিল। নির্বাচনে পরাজিত হয়েছে অথচ মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে না। এমনটা আগে দেখা যায় নি। ভুল ভ্রান্তি হয়, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হয়। মুখ্যমন্ত্রী এইদিন নয়া চাকুরি প্রাপ্তদের মনে করিয়ে দেন তাদের বেতন মানুষের করের টাকায় দেওয়া হয়। তাই মানুষের জন্য তদেরকে ভাবতে হবে।
এইদিন যারা অফার লেটার পেয়েছে তারা নিজেদের মেধা ও যোগ্যতার নিরিখে চাকুরি পেয়েছে। তারা কাউকে ধরে এই অফার লেটার পায় নি। স্বচ্ছতার সাথে তাদের চাকুরি হয়েছে। চাকুরি প্রাপকরা তার জন্য নিজেদের গর্বিত মনে করবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন ধারাবাহিক ভাবে অফার লেটার দেওয়া হচ্ছে। অফার লেটার বিতরণ নিয়ে অনেকে অনেক কথা বলেছে। বর্তমান সরকার স্বচ্ছতার সাথে চাকুরি প্রদান করছে। তাই অনুষ্ঠান করে সৎ সাহসের সাথে অফার লেটার বিতরণ করা হচ্ছে। এইদিন তিন দপ্তরের মোট ১১৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। এইদিনের অফার লেটার বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা।

