স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মে : মর্জি মাফিক চলছে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা। টাকারজলার- জম্পুইজলা বনধের পর এবার ধর্মঘট মান্দাই এলাকা। তাও আবার ৪৮ ঘন্টার বনধ। ফলে জনজাতি এলাকাগুলির বাজার হাট সহ সার্বিক পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ব্যবস্থা। যা পুরোপুরি রাজ্য প্রশাসনের হাত ছাড়া বলা চলে। এবার তিপরা মথার নেতা রবি দেববর্মার গাড়িতে অগ্নি সংযোগের ঘটনার প্রতিবাদে মান্দাইয়ে সড়ক অবরোধ ও ধর্মঘট হয় শুক্রবার।
এ ধর্মঘট চলবে শনিবার পর্যন্ত। শুক্রবার সকাল থেকেই ধর্মঘট ঘিরে মান্দাইয়ের বাজার হাট স্তব্ধ ছিল। যান চলাচল বন্ধ ছিল। অভিযোগ, সম্প্রতি মান্দাই ব্লক এলাকায় দুষ্কৃতীরা তিপ্রা মথা দলের স্থানীয় নেতা রবি দেববর্মার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু এই ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা করেনি। কোনো পদক্ষেপ গ্রহণ করেনি অভিযুক্তদের বিরুদ্ধে।
এই অভিযোগে রবি দেববর্মার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যুক্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে মান্দাইয়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দেন। শুক্রবার সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান ওয়াই.টি.এফ। উল্লেখ্য, যারা জনজাতির জন্য মায়া কান্না করে, তারই জনজাতি কথা না ভেবে এখন দৈনন্দিন রুটিনে ফেলতে চাইছে রাজ্যের বিভিন্ন জায়গার ধর্মঘট। ধর্মঘট ছাড়াও প্রতিবাদের ভাষা আছে। কিন্তু এভাবে ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা কোনভাবেই গ্রহণযোগ্য হয় না।

