স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মে : উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকেই ধর্মনগরে রাজনৈতিক ময়দানে শাসকদলের অন্দরে রাগ, ক্ষোভ, ঘৃণার বীজ বপন হয়ে আছে। যা নিয়ে দিশেহারা নবনির্বাচিত জহর চক্রবর্তী। বিধায়ক হিসেবে আগামী ১৩ মে শপথ গ্রহণ করবেন তিনি। এর আগে সাংবাদিক সম্মেলনেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে বার্তা দিলেন জহর চক্রবর্তী। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বলেন, প্রয়াত কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুকাণ্ডে সঙ্গে যারা জড়িত, তারা কোনওভাবেই রেহাই পাবে না।
ভারতীয় জনতা পার্টি দুষ্কৃতীদের সঙ্গে কোন রকম আপোষ করে না। তারা বিজেপি-র নাম এবং বিধায়কের নাম ভাঙ্গিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং সংগঠনের নাম খারাপ করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি বলেন তার উদ্দেশ্য হলো, ধর্মনগরকে আর উন্নত করে তোলার।
ধর্মনগরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবা ও মানুষের আস্থা ফিরিয়ে আনার কাজেই তিনি অগ্রাধিকার দিতে চান। একই সঙ্গে তিনি জানান, আইন আইনের পথে চলবে এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ অন্যান্য।

