বাড়িবিশ্ব সংবাদ“ইরান শক্তিশালী, জয় আমাদেরই হবে”, হরমুজ সংকট নিয়ে উত্তর প্রদেশ থেকে বার্তা...

“ইরান শক্তিশালী, জয় আমাদেরই হবে”, হরমুজ সংকট নিয়ে উত্তর প্রদেশ থেকে বার্তা ইরানের প্রতিনিধির

জৌনপুর, ৮ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে হরমুজ প্রণালী আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের জৌনপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়া কলেজ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই-র প্রতিনিধি আয়াতুল্লাহ ড. আব্দুল মজিদ হাকিম ইলাহি বলেন, “ইরানের জনগণ দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে।”

তিনি দাবি করেন, ইরানের পরিস্থিতি এখনও যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এই সংঘাতের মোকাবিলা করছে। তাঁর কথায়, এটি শুধু সামরিক সংঘর্ষ নয়, বরং আত্মসম্মান ও স্বাধীনতার লড়াই। সংঘর্ষে ব্যাপক প্রাণহানির অভিযোগ তুলে তিনি জানান, এখনও পর্যন্ত চার হাজারের বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বহু শিশুও রয়েছে। এছাড়াও এক লক্ষের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

হরমুজ প্রণালীর পরিস্থিতি প্রসঙ্গে ইলাহি জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তবে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং ২ হাজারের বেশি নাবিক ওই জলপথে আটকে রয়েছেন বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতির জন্য যুদ্ধ শুরু করা শক্তিগুলিকেই দায়ী করেন তিনি।

আমেরিকার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনও বাস্তবসম্মত সমঝোতায় আগ্রহী নয়। বরং তেলের দাম ও পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণের লক্ষ্যেই তারা উত্তেজনা বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -এর মন্তব্যকেও তিনি রাজনৈতিক বক্তব্য বলে উল্লেখ করেন।

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে ইলাহি জানান, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনও উদ্দেশ্য নেই। শেষে আন্তর্জাতিক মহলের কাছে নিরপেক্ষভাবে হস্তক্ষেপ করে শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আবেদন জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য