স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩০ এপ্রিল :- বৃষ্টির জলে মাটি ধসে দিয়ে ঘর ভেঙ্গে গিয়ে ঘরের ভিতর পাঁচ বছরের এক শিশুর মৃত্যু এবং অপর আরেক পাঁচ বছরের শিশু গুরুতর জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার রাধানগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায়। ঘটনার ব্যাপারে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার জানান যে, বিগত তিন দিন ধরে গোটা ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে কুমারঘাট ব্লকের অধীনস্হ রাধানগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা পেশায় গাড়িচালক নিবাস মালাকারের বাড়ির আশপাশে বৃষ্টির জল জমে যায়।
এই জল জমে যাওয়ার ফলে গতকাল গভীর রাতে নিবাস মালাকারের মাটির ঘর হঠাৎ করে ভেঙ্গে যায়। মাটির দেওয়াল ভেঙ্গে যাওয়ার সময় রান্না ঘরে ছিলো নিবাস মালাকারের পাঁচ বছরের দুই যমজ শিশু সন্তান।পাশের ঘরে ছিলেন নিবাস মালাকারের স্ত্রী এবং মা। রান্না ঘরের দেওয়াল ভেঙ্গে যাওয়ায় ঘটনাস্থলেই পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয় এবং অপর আরেক পাঁচ বছরের শিশুকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দুই শিশুকে নিয়ে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত বলে ঘোষণা দেয় এবং অপর আরেক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে। এই খবর শোনা মাত্রই গভীর রাতে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার ঊনকোটি জেলা হাসপাতালে গিয়ে গুরুতর জখম পাঁচ বছরের আয়ুস মালাকারকে দেখেন এবং চিকিৎসার যাবতীয় খোজ খবর নেন। জখম আয়ুস মালাকারের ডান পা ভেঙ্গে গেছে বলে জেলাশাসক জানান।
এরপর জেলাশাসক ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মৃত পাঁচ বছরের অঙ্কুশ মালাকারের মৃতদেহ দেখেন এবং ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে যাবতীয় খোজ খবর নেন। ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জেলাশাসক ডক্টর তমাল মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস এবং কুমারঘাট মহকুমার মহকুমাশাসক এন এস চাকমা। জেলাশাসক ডক্টর তমাল মজুমদার এও জানান যে, গুরুতর জখম পাঁচ বছরের আয়ুস মালাকারের চিকিৎসা প্রশাসনের পক্ষ থেকে করানো হবে এবং দুর্যোগ মোকাবিলা ফান্ড থেকে নিবাস মালাকারকে আর্থিক সাহায্য সহযোগিতাও করা হবে বলে জানান। হৃদয় বিদারক এই ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা ঊনকোটি জেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে

