স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : কালবৈশাখীর ঝড়, বজ্রপাত সহ ভারী বৃষ্টির প্রভাব সিপাহীজলা জেলায়ও পড়েছে। সিপাহীজলা জেলায় ২৫০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটি বাড়ি সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৫ টি বাড়ির দুই তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬৩ টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে এসডিআরএফ ফান্ড থেকে ক্ষতিপূরণ প্রদানের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ২০ টি পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করা হয়েছে। বুধবার সন্ধ্যার মধ্যে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এছাড়াও শতাধিক গাছ বিভিন্ন রাস্তায় ভেঙ্গে পড়েছে। গাছ গুলিকে কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। একজন আহত হয়েছিল। তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি অঙ্গনওয়ারী কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়ারী কেন্দ্র গুলি সংস্কারের কাজ শুরু হয়েছে। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান সিপাহীজলা জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি আরও জানান দুইটি ত্রান শিবির খোলা হয়েছে। এই ত্রান শিবিরে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য খাবার সহ সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে।

