স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল: উচ্ছেদের নোটিশ পেয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল অভয়নগর কাটা খালের পাড়ে বসবাসকারীরা। অভয়নগর কাটা খালের পাড়ে বসবাস করে বেশ কিছু পরিবার। এই কাটাখাল সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম।
স্মার্ট সিটি প্রকল্পে সংস্কার করা হবে কাটা খালটি। তার জন্য সদর মহকুমা প্রশাসন থেকে কাটা খালের পাড়ে বসবাসকারীদের জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ প্রদান করে। দুই দুইবার নোটিশ দেওয়ার পাশাপাশি শুক্রবার সদর মহকুমা প্রশাসন থেকে মাইকিং করে কাটা খালের পাড়ে বসবাসকারীদের জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রাপ্তরা জানান উচ্ছেদের জন্য তাদেরকে পর পর দুইবার নোটিশ দেওয়া হয়েছে। অথচ তাদের জন্য বিকল্প কোন ব্যবস্থা করা হয় নি। মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋন নিয়ে ছেলে মেয়ের লেখা পড়া করাচ্ছেন। গৃহ পরিচারিকার কাজ করে সংসার চালাচ্ছেন। তাদেরকে বিকল্প কোন ব্যবস্থা করে না দিলে তারা কোথায় যাবে।
এরই মধ্যে শনিবার সন্ধ্যায় সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী। তিনি বলেন বর্তমান সরকার নানা দিক থেকে রাজ্যের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এ সরকার মানুষকে কোন রোজগার দিতে পারছে না। বরং পেটের মধ্যে লাথি মারছে এই সরকার। শুধু তাই নয়, যখন যেখানে খুশি সেখানেই বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ এবং মানুষকে ভিটেমাটি ছাড়া করছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, এডিসি নির্বাচনের আগে এই উচ্ছেদ অভিযানের নির্দেশ ভিড়ে মাইলেজ নিতে চাইছে বিরোধীরা। যা এক প্রকার ভাবে ষ্পষ্ট।

