স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল: মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হল এক দিনমজুরের। নাম রতন ভৌমিক। মৃতের নাম রতন ভৌমিক, বয়স ৪৫। ঘটনা রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিদ্ধিনগর তহশীলের একিনপুর এলাকায়। জানা গেছে, শ্রমজীবী রতন ভৌমিক নিজ বাড়িতেই মাটি কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকা মাটির ধ্বস নেমে তিনি সম্পূর্ণ চাপা পড়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম সঞ্জয় শীল ও মহকুমা প্রশাসনের কর্মীরা। পরে পূর্ত দপ্তরের ড্রেজার এনে মাটি সরিয়ে রতন ভৌমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য দেহ নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। রতন ভৌমিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। রতনের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর দুই সন্তান রয়েছে। ছেলে পঞ্চম শ্রেণিতে এবং মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে। ছেলেমেয়ের পড়াশোনা কীভাবে চলবে, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ডিসিএম সঞ্জয় শীল শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

