স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট : হীরা মডেল
রাজ্যে সরকারের বহুল প্রচারিত 'জল জীবন মিশন'
প্রকল্প বাস্তবে কতটা কার্যকর, তার এক নির্মম চিত্র
উঠে এসেছে দুর্গা চৌমুহনি ব্লকের অন্তর্গত পশ্চিম লাম্বুছড়া ভিলেজ কাউন্সিলের ৪ নম্বর ওয়ার্ডে।
প্রকল্পের আওতায় ওয়াটার পাম্প হাউস নির্মাণ, পাইপ লাইন বসানো—সবই হয়েছে। কিন্তু বাস্তবে দুই বছর ধরে পাইপে একফোঁটা জলও পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় দুই শতাধিক পরিবার প্রতিদিন চরম পানীয় জলের সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। সরকারের কোটি কোটি টাকার প্রকল্পের নামে অবকাঠামো তৈরি হলেও সাধারণ মানুষের ঘরে জল না পৌঁছানোয়
প্রশ্ন উঠছে প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক দায়িত্ববোধ
নিয়ে।
গ্রামবাসীর অভিযোগ, ভিলেজ কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
বারবার বিষয়টি জানানো হলেও আজ পর্যন্ত কোনো
কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের পর দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতায় দুর্ভোগ
আরও বেড়েছে। স্থানীয়দের প্রশ্ন, যদি জলই না আসে, তাহলে
ওয়াটার পাম্প হাউস ও পাইপলাইন বসিয়ে
কোটি টাকার প্রকল্পের আসল উদ্দেশ্য কী? কাগজে-কলমে উন্নয়ন দেখিয়ে সাধারণ মানুষকে কি শুধু আশ্বাসই
দেওয়া হচ্ছে? গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে নিয়মিত পানীয় জলের ব্যবস্থা না হলে বৃহত্তর
গণআন্দোলনে নামতে বাধ্য হবেন। কারণ, পানীয় জল কোনো বিলাসিতা
নয়—এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান