স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল: আগরতলা রেল স্টেশনে ৬৪ লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় এবার দক্ষিণ জেলার বন আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগের বিলোনিয়া স্থিত বাসভবনে হানা দিল ভিজিল্যান্স। সকাল ১০ টা থেকে শুরু হয় ভিজিল্যান্সের জিজ্ঞাসাবাদ। ডি.সি.এম সঞ্জয় শীল সহ ভিজিল্যান্সের একটি টিম ডি.এফ.ও গৌরব রবীন্দ্র ওয়াগে এবং তার বাসভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদ চালায়। তদন্তের স্বার্থে বাসভবন থেকে বিভিন্ন নথিপত্র, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন, ল্যাপটপ ও ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করা হয় বলে সূত্রে জানা গেছে। আরো সূত্রে খবর, এই ঘটনায় ঋষ্যমুখ বন বিভাগের এক ফরেস্ট রেঞ্জার, রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের এক ফরেস্ট অফিসার সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে গোপন লেনদেনের যোগসাজশে। উল্লেখ্য, কিছুদিন আগে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে ৬৪ লাখ টাকা সহ ধরা পড়েন দক্ষিণ জেলার ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগের মামা। মামা গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন ডিএফও।
ভিজিল্যান্স তদন্ত করে দেখছে এই বিপুল পরিমাণ টাকার উৎস কী। অনেকে সন্দেহ করছেন, ডিএফও, ফরেস্ট রেঞ্জার ও অন্যান্য বন দপ্তরের কর্মীদের যোগসাজশে অবৈধভাবে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। এখন এই ঘটনার তদন্ত চলছে বলে জানান তদন্তকারী এক অফিসার। তবে যতদূর জানা যায়, পুলিশ সুষ্ঠু তদন্ত করলে ডি এফ ও-কে আটক করা হতে পারে। কারণ তদন্ত প্রক্রিয়া যতই এগিয়ে যাচ্ছে ততই সন্দেহের দানা বাড়ছে। এখন দেখার বিষয় তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়ে যায়।

