বাড়িরাজ্যশিক্ষক সংকট এবং পানীয় জলের সংকটে ভুগছে নাছির নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

শিক্ষক সংকট এবং পানীয় জলের সংকটে ভুগছে নাছির নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ এপ্রিল :  দক্ষিণ ত্রিপুরার অন্তর্গত নাছির নগর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা শিক্ষক সংকটে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। প্রায় পাঁচ বছর ধরে বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাশাপাশি ইংরেজি ও অংকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষকেরও ঘাটতি রয়েছে বলে দাবি ছাত্রছাত্রীদের।শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে মাত্র চারজন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা একেবারেই অপর্যাপ্ত। এর ফলে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অবকাঠামোগত দিক থেকেও বিদ্যালয়ের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। বেশ কয়েকটি শ্রেণিকক্ষে নেই পর্যাপ্ত টেবিল-চেয়ার, এমনকি শিক্ষকরা অনেক সময় দাঁড়িয়ে ক্লাস নিতে বাধ্য হয়। বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, নেই জলের ফিল্টার। বিদ্যুৎ সংযোগও অপ্রতুল বা অকার্যকর অবস্থায় রয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, তারা মাধ্যমিক পরীক্ষার্থী, কিন্তু ঠিকমতো ক্লাসই হয় না। এই অবস্থায় তারা কীভাবে ভালো ফল করবো? পাশ করাটাই কঠিন হয়ে পড়বে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেছে, গত পাঁচ বছর ধরে একই সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয় পরিদর্শনের জন্যও কোনো উচ্চপদস্থ আধিকারিক আসেন না বলে তাদের দাবি। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক মহলেও। এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, দ্রুত শিক্ষক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে, বিদ্যালয় উন্নয়ন কমিটির চেয়ারম্যান সুধীর দাস-এর বিরুদ্ধেও উঠেছে অনুপস্থিতির অভিযোগ। ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না। শিক্ষক নেই, ক্লাস হয় না, আবার সমস্যার কথা বলার মতোও কেউ নেই। তাহলে কি এইভাবেই চলবে বিদ্যালয়? এই গুরুতর সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য