স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ এপ্রিল : এডিসি নির্বাচনকে সামনে রেখে ৩ নং দশদা-কাঞ্চনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে কাঞ্চনপুরের দশদা বাজারে মুখ্যমন্ত্রীর বিজয় সংকল্প সভা। বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইদিন বিরোধীদের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন এডিসি নির্বাচন ছোট কোন নির্বাচন নয়। এইবার প্রথম বার এডিসি-র ২৮ টি আসনে বিজেপি প্রার্থী দিয়েছে। এডিসি এলাকায় এই প্রথম ইতিহাস হতে যাচ্ছে।
প্রথম বারের মতো এডিসিতে কোন রাষ্ট্রবাদী জাতীয় রাজনৈতিক দল সরকার গড়তে যাচ্ছে। দীর্ঘ বছর ধরে এডিসিকে নিয়ে রাজনীতি হয়েছে। আগে কমিউনিস্টরা বিধানসভা নির্বাচনে ২১ থেকে গণনা শুরু করত। বর্তমানে তার উল্টো হয়ে গেছে। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মাছমারায় এক নির্বাচনী জন সমাবেশে অংশ নেন। সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, আসন্ন নির্বাচনে মঞ্জু রানী সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে সকলের। মুখ্যমন্ত্রী বলেন এডিসিতে মথা আর নেই, থাকবেও না। অগ্রিম সিদ্ধান্ত হয়ে গেছে। তাই তাদের পেছনে থেকে কোন লাভ হবে না। নতুন এডিসি গড়ে উন্নয়নের দিশা দেখাবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সতর্ক করে দিয়ে বলেন ভারতীয় জনতা পার্টির উপর যে আক্রমণ সংঘটিত হচ্ছে তা অত্যন্ত নিন্দা জনক। এই ঘটনাগুলোর পর রবিবারও চারজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাউকে ছাড়া হবে না। এইদিনের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী শৈলেন্দ্র নাথ, বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ, মন্ত্রী সান্তনা চাকমা, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, কাঞ্চনপুর মণ্ডলের সভাপতি বীরেন্দ্র কর সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে একটি যোগদান কর্মসূচিও অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।

