স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : বাসে বমি করায়
মাঝপথে পাহাড়ে নামিয়ে দেওয়া হলো অসুস্থ বৃদ্ধকে। মানবিকতা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার
বিবরণে জানা যায়, শনিবার সন্ধ্যায় ধর্মনগরের বাসিন্দা তপন গোস্বামী তাঁর বোনের বাড়ি
জিরানিয়া থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি বাসে উঠেছিলেন। কিন্তু বাসে যাত্রাকালীন
শারীরিক অসুস্থতার কারণে তার বমি হয়। আর সেই কারণেই তাকে মাঝপথে বড়মুড়া পাহাড়ের
মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এরপর অসহায় অবস্থায় প্রায় তিন-চার কিলোমিটার পথ অতিক্রম
করে কোনওরকমে মেয়ের বাড়িতে খবর পাঠাতে সক্ষম হন তিনি। খবর পেয়েই তৎক্ষণাৎ জামাতা
বিপ্লব শর্মা ঘটনাস্থলে ছুটে যান এবং পাহাড়ের দুর্গম এলাকা থেকে উনাকে উদ্ধার করে
নিয়ে আসেন।পরিবারের পক্ষ থেকে জানা যায়, তারপর রাত থেকেই তপন গোস্বামীর চিকিৎসা চলছে
চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
পরিবারের আরও অভিযোগ, বর্তমানে তিনি ঠিকমতো কথা বলতেও পারছেন
না। একজন বয়স্ক অসুস্থ মানুষকে সামান্য বমি করার কারণে এভাবে পাহাড়ের নির্জন স্থানে
নামিয়ে দেওয়া অমানবিক। যাত্রীদের নিরাপত্তা ও দায়িত্ববোধ নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে
একাধিক প্রশ্ন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান