স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : পুকুর থেকে ডাকাতের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। ঘটনা ধর্মনগর মহকুমা কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামে। এলাকাবাসীর অভিযোগ তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। তার নাম জমির উদ্দিন।
এই ঘটনায় আটক সন্দেহজনভাবে দুইজনকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে ধর্মনগর মহাকুমার অন্তর্গত কদমতলা থানা এলাকার দক্ষিণ কদমতলা গ্রামে এক রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা যায় শনিবার একটি অজ্ঞাত পরিচিত মৃতদেহ ভাসতে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর স্থানীয় বাসিন্দারা পুকুরে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের সহায়তায় পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। নিহত ব্যক্তির নাম জমির উদ্দিন, বয়স ৩৬। তিনি ওই একই এলাকার অর্থাৎ দক্ষিণ কদমতলা, ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি অত্যন্ত বীভৎস অবস্থায় পাওয়া গেছে। ঘাতকরা জমির উদ্দিনের মাথাটি ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দিয়েছে। যাতে চেনার উপায় না থাকে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। উল্লেখ্য যে, নিহত জমির উদ্দিন এলাকায় একজন কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করে কদমতলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো রায়না বিবি, আবুল হোসেন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি কি কোনো পুরনো শত্রুতার জেরে হত্যাকাণ্ড, নাকি ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দল, তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

