স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক মহলের পারদ চড়ছে। আসন্ন নির্বাচনে মূলত লড়াই হতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবং তিপরা মথার মধ্যে। শনিবার গঙ্গানগর-গন্ডাতুইসা কেন্দ্রের প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এবং রাইমাভ্যালী কেন্দ্রের প্রার্থী সমির রঞ্জন ত্রিপুরার সমর্থনে গন্ডাছড়ায় মোটরস্ট্যান্ডে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। জনসভায় প্রধান বক্তা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, বর্তমানে ভ্রষ্টাচারের সরকার চলছে এডিসিতে। জনগণ মিথ্যাচার ও অশান্তি চায় না। উন্নয়ন চায়। তাই ভরসা একমাত্র বিজেপি।
ভারতীয় জনতা পার্টি জনগণের কাছে উন্নয়ন পৌঁছে দিতে সংকল্পবদ্ধ। তিনি বলেন, আসন্ন এডিসি নির্বাচনে ২৮ টি আসনেই ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ। এই কারণে মথার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই হতাশায় ভুগছে এই আঞ্চলিক দল। এদিন নাম না করে তিনি বলেন, সিপিএমের কায়দায় সন্ত্রাস, হামলা, হুজ্জুতি করে রাজনীতি করছে মথা। যা জনগণ কোনভাবেই মেনে নেবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, কমিউনিস্টের সময় রাজ্যে উগ্রপন্থীর সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার তাদের মূল স্রোতে ফিরিয়ে এনেছে। বর্তমান সরকার শান্তি স্থাপনের জন্য কাজ করছে। শান্তি প্রতিষ্ঠিত থাকলেই উন্নয়ন সম্ভব হবে।
জনগণ শান্তি চায়, সরকারের শান্তি প্রতিষ্ঠিত রাখতে আইনিভাবে পদক্ষেপ নিতে হলে, সেটাও বাধ্য হবে। কিন্তু কোনভাবে আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। দেশের মধ্যে ত্রিপুরা বর্তমানে আইনশৃঙ্খলার দিকে নিচের দিক থেকে তিন নম্বরে রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, তিপরা মথার সঙ্গে লাল ঢুকে লাল মথা তৈরি হয়েছে। তারাই নির্বাচনী সন্ত্রাস করছে। এই জনসভায় ৭১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। নবাগতদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এই সমাবেশে জনজাতি অংশের ব্যাপক সংখ্যক লোক অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত সাড়ায় ভারতীয় জনতা পার্টির প্রতি ব্যপক সমর্থন প্রতিফলিত হয়।

