স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেই লক্ষ্যেই শুক্রবার খোয়াই জেলার পর গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অফিসার অনুরাগ, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিকরা। বৈঠকে দুই জেলার পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে স্বাভাবিক রাখা যায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা আগেভাগে রুখে দেওয়ার জন্য কী ধরনের কৌশল নেওয়া হবে। সীমান্তবর্তী এলাকা, সংবেদনশীল বুথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পরিকল্পনাও এই বৈঠকে গ্রহণ করা হয়। রাজ্যের পুলিশ মহানির্দেশক আইপিএস অফিসার অনুরাগ জানানো হয়, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন, টহলদারি বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুয়ো খবর ও গুজব রুখতেও বিশেষ নজর রাখা হবে। বৈঠকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় যে, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় থাকবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

