স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : নির্বাচন যতই এগিয়ে আসছে বামেরা শাসক দলকে পাল্লা দিয়ে শক্তি প্রদর্শন করে চলেছে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে সার্বিকভাবে প্রস্তুত বিরোধী দল বামফ্রন্ট। ১১ মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মঙ্গলবার মুঙ্গিয়াকামী বাজার এলাকায় এক বর্ণাঢ্য মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়। এদিন মুঙ্গিয়াকামী এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে বাজার এলাকায় এসে সমাপ্ত হয়। পরবর্তীতে সেখানে এক বাজারসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ১১ মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রতন কিশোর জমাতিয়া, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর আমলে সাধারণ মানুষের নানাবিধ সমস্যা বেড়েই চলেছে। উন্নয়নের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। তিনি দাবি করেন, স্বশাসিত জেলা পরিষদে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে সিপিআইএম প্রার্থীকে জয়ী করতে হবে। এছাড়াও তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে হবে। তিনি আশা ব্যক্ত করে বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং আসন্ন নির্বাচনে সিপিআইএম ভালো ফল করবে। তিনি বলেন, বামফ্রন্ট দীর্ঘ ৩৫ বছর বহু প্রতিবন্ধকতা এড়িয়ে এবং উগ্রপন্থীদের বাধা এড়িয়ে এডিসি এলাকার জন্য কাজ করেছে। তিনি বলেন, মূল উদ্দেশ্য রাস্তাঘাট এবং পানীয় জল নয়। ১৪০০ বছর রাজতন্ত্রের উদাসীনতায় এবং তিন দশক কংগ্রেসের উপজাতি বিরোধী নীতির কারণে রাজ্যের উপজাতিরা ভাষা, সংস্কৃতি এবং জীবিকা, জমি সবকিছুর অধিকার হারিয়েছে। এক প্রকার ভাবে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছিল রাজতন্ত্র এবং কংগ্রেসের কারণে। তাই এডিসি গঠিত হয়েছিল উপজাতিদের রক্ষার কবচ হিসেবে। যাতে উপজাতিদের ভাষা সংস্কৃতি জমি এগুলি ফিরিয়ে দেওয়া যায়। তারপর এডিসিতে বামফ্রন্ট সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছিল। কিন্তু ২০১৮ সালে এর সুইচ অফ হয়ে যায়। গত আট বছরে সমতলের মতো এডিসি এলাকাতেও প্রচারের সুযোগ পাননি। কিন্তু এবার ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে বামফ্রন্ট সবার আগে প্রার্থী ঘোষণা করে ময়দানে নেমেছে এডিসি-র উন্নয়ন পুনর্জীবিত করতে। পাশাপাশি সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এক মন্তব্যের জন্য, তার বিরুদ্ধে নির্বাচন দপ্তরের মামলা করা উচিত এবং তাঁকে সব পচার থেকে বাদ দেওয়া প্রয়োজন। এর জন্য নির্বাচন কমিশনকে চিঠি লেখা হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। সভায় প্রার্থী রতন কিশোর জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং দলীয় প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

