স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : রাজধানীর লঙ্কামুড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশ করার সময় আটক এক বাংলাদেশী নাগরিক। ধৃত বাংলাদেশের নাম সোহাগ মিয়া। বাড়ি বাংলাদেশ বাহ্মনবাড়িয়া জেলার আব্দুলাপুর এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে লঙ্কামুড়া-জয়পুর এলাকা দিয়ে বিএসএফের ৭৫ নং ব্যাটেলিয়নের জওয়ানরা টহলদারির সময় দুজন কাঁটাতার ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করার সময় একজনকে আটক করা হয়। অপর বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করতে পারেনি। বিএসএফ জওয়ানরা তাকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। থানার ওসি জানান, ধৃত বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তাকে আদালতে তোলা হবে। নির্দিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।

