স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ :উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈষ্ণবীচর এলাকার ৬ নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতঘর ও একটি গোয়ালঘর। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় কিছু বুঝে ওঠার আগেই বাড়ির সমস্ত আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ গোটা ঘর ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবুল কাশেম জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, তার ছেলে বর্তমানে জামজুরি স্কুলের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আগুনে পুড়ে তার বোর্ড পরীক্ষার এডমিট কার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদয়পুর দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
কিন্তু গ্রামের রাস্তার প্রসস্থ কম হওয়ার কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারে নি। পরবর্তীতে দমকল কর্মীরা বিকল্প ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী একটি পুকুর থেকে মোটর লাগিয়ে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার কঠোর প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এদিকে খবর পেয়ে কাকড়াবন থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে আশপাশের আরও বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং দ্রুত আর্থিক সহায়তা প্রদান করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

