বাড়িরাজ্যহত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ডেপুটেশন

হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ: গত ১৫ মার্চ গভীর রাতে উদয়পুর মহকুমার কিল্লা থানার অন্তর্গত রাইয়া মলসুম এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম সুখেন লোধ ওরফে কালো লোধ। তিনি উদয়পুরের খিলপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটো চালক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে অটো চালিয়ে সংসার চালাতেন সুখেন লোধ। তার পরিবারে স্ত্রী ও এক পুত্র রয়েছে। তার মৃত্যুর পাঁচ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মৃতের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং স্থানীয়রা উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের কাছে লিখিতভাবে একাধিক দাবি জানান। তাদের মূল দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।

পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়েও পাঁচ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত ঘটনার কোনো কিনারা করতে পারেনি। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারও কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি বলে অভিযোগ তাদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেলেও, দ্রুত গ্রেফতারের দাবিতে চাপ ক্রমশ বাড়ছে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন করে অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য