স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ: ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হলেন জওহর চক্রবর্তী। ২০১৩ সালে তিনি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। তিনি বিজেপি’র প্রবীণ নেতা প্রয়াত রসিক রঞ্জন গোস্বামীর জামাতা। মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন তথা বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর স্বামী। দীর্ঘদিন ধরে বিজেপি’র সাথে জড়িত প্রার্থী জওহর চক্রবর্তী।
বৃহস্পতিবার সকালে ধর্মনগর উপনির্বাচনের জন্য জহর চক্রবর্তীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং তৃণমূল স্তরে সক্রিয় এই নেতার উপরেই আস্থা রেখেছে দল। জহর চক্রবর্তী পূর্বে জেলা ও প্রদেশের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি উত্তর জেলার বিজেপি জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন ভারতের জনতা পার্টি অত্যন্ত সুশৃংখল দল। এই দল তার নিয়ম মেনে চলে। এই দলের নিয়ম প্রথম দেশ, তারপর দল এবং তারপর ব্যক্তি। এই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী। উপনির্বাচনে বিরোধীদের জামানত জব্দ হবে এবং ভারতীয় জনতা পার্টি নিশ্চিত ভাবে জয়যুক্ত হবে বলে জানান। মুখ্যমন্ত্রী বলেন জহর চক্রবর্তী বহু পুরনো কার্যকর্তা এবং তিনি অত্যন্ত সৎজন ব্যক্তি। তার পরিবারের লোক ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত। ধর্মনগর বাসীর কাছে জহর চক্রবর্তী একটি পরিচিত মুখ। বিশেষ করে ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস এবং বামফ্রন্ট আসন সামঝোতা করে ধর্মনগরে প্রার্থী দিয়েছিল। এবার তাদের মধ্যেই সমঝোতা হয়নি। ভারতীয় জনতা পার্টি তার নিজের কাজকর্ম মানুষের সামনে রেখে লড়াই করবে। তাই নিঃসন্দেহে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরো বলেন, ধর্মনগরে একতরফা লড়াই হবে।

