স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে শনিবার প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত এডিসি নির্বাচনে ২৮ টি আসনে লড়াইয়ের লক্ষ্যে এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, পরিষদীয় দলনেতা বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এক সাক্ষাৎকারে জানান আসন্ন এডিসি-র নির্বাচনকে সামনে রেখে এইদিন প্রস্তুতি বৈঠক করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করা হয় এইদিনের বৈঠকে। কংগ্রেস দল যথা সময়ে প্রার্থী তালিকা প্রকাশ করে এডিসি নির্বাচনে লড়াই করবে বলেও জানান তিনি।
বর্তমানে মানুষ বুঝতে পারছে আদিবাসীদের উন্নয়নের জন্য প্রয়োজন কংগ্রেস দলের। কারণ কংগ্রেসের বিকল্প নেই। সারা দেশব্যাপী কংগ্রেস জনগনের দাবি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। ত্রিপুরার আদিবাসীরাও উপলব্ধি করতে পারছে একমাত্র কংগ্রেস এই ব্যতিক্রম একটা দল। যারা আদিবাসীদের উন্নয়নের কথা চিন্তা করে। তাই জনগণের উপর ভিত্তি করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছে কংগ্রেস, মাটির জবাব দেওয়া হবে বলে জানান তিনি।
শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছিলেন, আসন্ন উপ নির্বাচনে এবং টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস কোন একটি আসনে জামানত জব্দ করে দেখাক, তারপর তাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। এই আসন সামঝোতা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো জানিয়েছেন বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসই একমাত্র দল যারা আন্তরিকভাবে লড়াই করতে চায়। তাই প্রস্তুতি নিয়ে মাঠে নামছে কংগ্রেস। তবে এখন লক্ষণীয় বিষয় হলো আগামী দিন কংগ্রেসের রণকৌশল কি হয় সেটাই দেখার।

