স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : আগরতলা শহরে রবিবার ছুটির দিনে ঘটে গেল এক বিপত্তি। রাজধানীর মেলারমাঠের মহিলা কমিশন কার্যালয় সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। গত কয়েকদিন ধরেই মেলার মাঠ থেকে প্যারাডাইস চৌমুহনি পর্যন্ত চলছে রাস্তা সংস্কারের কাজ। কাজের নমুনা নিয়ে মানুষের মধ্যে অসন্তুষ্ট আগে থেকেই তৈরি হয়ে আসছে। পথচারীরা লাগাতার নিম্নমানের কাজের অভিযোগ তুললেও প্রশাসনের পক্ষ থেকে কোন ইঞ্জিনিয়ারের নজরদারি নেই। ঠিকেদারের সঙ্গে সবকিছু ম্যানেজ করেই চলছে নিম্নমানের কাজ।
যার পরিণাম ঘটলো রবিবার। আচমকা একটি পাথর বুঝাই লরি রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছনের চাকা মাটির নিচে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটি রাস্তার মধ্যে উল্টে যায়। বিকট শব্দে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে এসে দেখে এই ঘটনা। লরি চালক গাড়ি থেকে বের হয়ে দাবি করেন, রাস্তার মধ্যে বড় গর্ত কোন কিছু দিয়ে পূরণ না করে উপরে পিজ দেওয়ায় এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাফেরা কম ছিল। যার কারণে গাড়ির নিচে কেউ পড়ে আহত বা নিহত হয়নি। স্মার্ট সিটির বুকে এত নিম্নমানের কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্কারের কাজ সঠিকভাবে তদন্ত করার দাবি তুলেছিল সাধারণ মানুষ।

