স্যন্দন ডিজিটাল আগরতলা প্রতিনিধি: দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরের ২০ জন সাংসদের নতুন রাজনৈতিক দলে যোগদানের খবর সামনে এসেছে। জানা গেছে, চার বছরের পুরনো রাজনৈতিক দল NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয়ে তাঁরা NDA শিবিরে সামিল হতে চলেছেন।
সূত্রের খবর, তৃণমূলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলা মতবিরোধের জেরেই এই বড় সিদ্ধান্ত। বিদ্রোহী সাংসদদের দাবি, তাঁরা জাতীয় রাজনীতিতে নতুন বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হচ্ছেন। এদিকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই একীভূতকরণ বাস্তবে রূপ নেয়, তাহলে তা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে পারে। একই সঙ্গে NDA-র সাংসদ সংখ্যা এবং রাজনৈতিক প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে।
ত্রিপুরাভিত্তিক NCPI এতদিন আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও, ২০ জন লোকসভা সাংসদের সমর্থন পেলে দলটির জাতীয় রাজনৈতিক গুরুত্ব বহুগুণ বেড়ে যেতে পারে। তবে এই দলবদলকে কেন্দ্র করে দলবদল বিরোধী আইনের বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এখন রাজনৈতিক মহলের নজর বিদ্রোহী সাংসদদের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। এই ঘটনাপ্রবাহ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কি না, সেটাই দেখার।

