স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :শহরবাসী নরক যন্ত্রণায় অতিষ্ঠ। বসন্তের প্রথম বৃষ্টি স্বস্তির পরিবর্তে নরক জলে ডুবিয়ে দিয়েছে স্মার্ট সিটির গনরাজ চৌমুহনি এলাকা। গত কয়েক মাস ধরেই শহরে নির্মাণ কাজের কারণে ধূলোয় একাকার বিভিন্ন এলাকা। অপরদিকে বাড়ি থেকে বের হলে আধ ঘণ্টার রাস্তা যেতে সময় লাগছে ঘন্টাখানেক। কারণ চারিদিকে অপরিকল্পিতভাবে একসাথে নির্মাণ কাজ শুরু হওয়ায় রাস্তা ভাঙ্গা, ড্রেন কাটা অবস্থায় রয়েছে। ফলে যানজট সৃষ্টি হওয়া কোন অস্বাভাবিক বিষয় নয়।
মুখে মাস্ক পরিমাণ করে শহরে চলাচল করতে হয় পথচারীদের। এরমধ্যে বসন্তের প্রথম মুষলধারে বৃষ্টিতে স্মার্ট সিটির গনরাজ চৌমুহনি এলাকা কয়েক মিনিটের মধ্যেই কালো জলে একাকার হয়ে গেছে। জানা যায়, ড্রেনের জল রাস্তায় উঠে যায়। একই সঙ্গে দুর্গন্ধে দম বন্ধকর অবস্থা হয়ে উঠেছে তিলোত্তমা শহরের গনরাজ চৌমুহনি। পথচারীর কাছে শুধু দম বন্ধকর বললেও ভুল হবে। কারণ কোথায় রাস্তার ড্রেন ভাঙ্গা, কোথায় গর্ত এবং কোথায় কি কেউই বলতে পারছিল না। ঝুঁকি নিয়ে পথ এগোতে হয়েছে পথচারীদের। শুধু তাই নয় মানুষের জীবনকে আরো ঝুঁকিতে ফেলছে কিভাবে সেটা প্রকাশ্যে আসলো এদিনের ঘটনায়। বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে শিশু উদ্যান সংলগ্ন বড় বাঁশের গেট। আগরতলা শিশু উদ্যানে গত ২৬ ফেব্রুয়ারি থেকে এক অনুষ্ঠান হয়। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান চলে। আজ মার্চ মাসের ১৩ তারিখ হলেও সেই গেট খোলা হয়নি। কতটা কান্ডজ্ঞানহীন হলে ভেন্ডার কর্তৃপক্ষ রাস্তার মধ্যে মর্জিমাফিক বাঁশের গেট দাঁড় করিয়ে রেখে
ছিল। এই বাঁশের গেট ভেঙ্গে পড়ল শুক্রবার বৃষ্টির সময়। হুড় মুড়িয়ে রাস্তার মধ্যে ভেঙে পড়ে। সেই সময় গেটের নিচে কেউ না থাকায় বড়সড়ো বিপত্তি ঘটেনি। কিন্তু, জনবহুল এলাকা হওয়ায় এলাকাটি সব সময় জমজমাট থাকে। বিশেষ করে সন্ধ্যার পর সময় কাটাতে মানুষ এলাকায় আসে। এই গেট আজ ভেঙ্গে পড়ে। গেট ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে ভেন্ডার কর্তৃপক্ষ এলাকায় এসে বাঁশ খোলার কাজে হাত লাগায়। এক সচেতন নাগরিক জানান, অনুষ্ঠান শেষ হওয়ার পরেও দিনের পর দিন এভাবে পড়ে থাকছে বহু গেট। মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে।
এগুলো ভেঙে পড়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এক প্রকার ভাবে অসাবধানতার কারণে সময় মতো গেট গুলি খোলা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকেও সঠিকভাবে কোন নির্দেশ দিচ্ছেনা ভেন্ডার কর্তৃপক্ষকে। যেকোনো সময় এধরনের গেট ছাড়তে-ছাত্রীদের উপরও ভেঙ্গে দুর্ঘটনা সংঘটিত হতে পারে। তবে এই ধরনের ঘটনা শহরের বিভিন্ন এলাকায় ঘটতে পারে। এভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে বহু গেট। প্রতিদিন বহু মন্ত্রী বিধায়ক থেকে প্রশাসনিক আধিকারিক এই গেট গুলির নিচে দিয়ে যাতায়াত করছেন। অথচ অভিজ্ঞতার অভাব নাকি উদাসীনতা? মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে এই ধরনের কান্ডজ্ঞানহীনতা।

