স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে রাজ্যে এসে দেশের উত্তরপূর্ব ও উত্তর অঞ্চলের জন্য যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত কেন্দ্রীয় সরকারি রাজভাষা বিভাগের উদ্যোগে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা গাউন্ডে এই সম্মেলনের আয়োজন করা হবে। দুপুর দুইটার সময় হবে এই সম্মেলন। বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা বিভাগের সচিব আনশোয়ারিয়া।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই যৌথ সম্মেলনে পূর্ব অঞ্চলের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব অঞ্চলের ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং উত্তর অঞ্চলের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু-কাশ্মীর ও লাদাখ-এর কেন্দ্রীয় সরকারি দফতর, ব্যাংক ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। সম্মেলন চলাকালীন ২০২৪-২৫ সালের জন্য মোট ৮০ টি আঞ্চলিক পুরস্কার প্রদান করা হবে। একইসঙ্গে নির্বাচিত শহরের সরকারি ভাষা বাস্তবায়ন কমিটিগুলিকে “নরাকাস রাজভাষা সম্মান” দিয়ে সম্মান জানানো হবে।
এটি ভারত সরকারের রাজভাষা বিভাগ দ্বারা প্রবর্তিত একটি সম্মাননা, যা ভারতের বিভিন্ন শহরে অবস্থিত কেন্দ্রীয় সরকারি অফিস, ব্যাংক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হয়। অনুষ্ঠানস্থলে সরকারি ভাষা সম্পর্কিত উদ্ভাবন ও কার্যকলাপের উপর ভিত্তি করে প্রদর্শনী স্টল স্থাপন করা হবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, হিন্দি রাষ্ট্রীয় ভাষা। এই ভাষাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সমস্ত ভাষার বিকাশের চেষ্টা চলছে। কোন ভাষা যেন আগামী দিন লুপ্ত না হয় তার জন্য কাজ করছে সরকার। পাশাপাশি তিনি বলেন সরকার হিন্দি ভাষা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না। সব ভাষার বিকাশের জন্য সরকার সংকল্পবদ্ধ। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্য সফরের আগে আগরতলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। রাস্তার পাশে বেআইনি পার্কিং -এর উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের আগে কনভয়ের মহড়া হয় আগরতলা শহরে।

