স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : সমস্যার শেষ নেই। ইটভাট্টার পর এবার বালির সমস্যা মাথা চাড়া দিয়েছে। বৃহস্পতিবার থেকে বিশালগড় মহকুমা বন আধিকারিকের অফিসের সামনে ধর্না বালি ব্যবসায়ী সহ শ্রমিক ও বালি বোঝাই গাড়ির চালকদের। জানা যায় বিগত ৬ মাস ধরে বালি পরিবহনের জন্য ভাইটাল না পেয়ে ক্ষুব্ধ গাড়ির চালকরা। তাই এইদিন তারা বিশালগড়ের জাঙ্গালিয়াস্থিত বিশালগড় মহাকুমা বন আধিকারিক ঈশান লালের অফিসের সামনে ধর্নায় বসে। গাড়ি চালকদের অভিযোগ তাদের কাছে কেরিং লাইসেন্স এবং গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরেও তাদেরকে বালির ভাইটাল দিচ্ছে না বিশালগড় মহকুমা বন আধিকারিক।
যার ফলে পরিবার-পরিজনদের নিয়ে তারা ভীষণ সমস্যায় পড়েছে। তারা বহুবার আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছে। আধিকারিকরা বলেছে দুই মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে। কিন্তু তারা সমস্যার সমাধান করেননি। বালি বোঝাই গাড়ির চালক এবং বালির কাজে নিযুক্ত শ্রমিকরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবকেও এই বিষয়ে জানিয়েছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এইদিন তারা বিশালগড় মহকুমা বন আধিকারিকের অফিসের সামনে ধর্নায় বসেছেন। প্রয়োজনে শনিবার দিন গাড়ির চালক এবং বালি পরিবহনের সাথে যুক্ত শ্রমিকরা তাদের পরিবারের লোকজনদের নিয়ে জাতীয় সড়ক অবরোধের হুমকি দেন।

