স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : অবাক করার মত কান্ড রাজধানীর সচিবালয় সংলগ্ন এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পোস্টার ড্রেনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন সচিবালয়ে প্রবেশ করছে বহু মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বড় বড় অধিকারিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ কেউ নজর এড়িয়ে গেছেন, আবার কেউ কেউ ভিআইপি গাড়িতে বসে বাইরের দৃশ্যই দেখেন না। চরম অপমানিত এবং অবহেলিত মুখ্যমন্ত্রীর এই পোস্টার।
শুক্রবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে। তারপরেই রীতিমতো খবর প্রকাশ হয়। দৌড়ঝাঁপ শুরু হয় সচিবালয়ের মধ্যে। বিধানসভা, মহাকরন ও সচিবালয়ের সামনে এমন দৃশ্য লক্ষ্য করা যাবে সেটা আগে কখনো কেউ ভাবতে পারেনি। শুভ বুদ্ধি সম্পন্ন এক প্রবীন নাগরিক জানান, এটা কোনভাবেই বাঞ্ছনীয় নয়। বহু প্রশাসনিক আধিকারিক এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন। কেন তাদের চোখে পড়বে না প্রশ্ন তোলেন তিনি? আবার অনেকের মতে ড্রেনে পোস্টার ফেলে রাখা ইচ্ছাকৃত হতে পারে!

