স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি :দেশের বর্তমান সরকার নারী বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেটমুখী বাজেট পেশ করেছে। এর প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।
বিক্ষোভ মিছিলটি এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা। প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য বলেন, দেশে অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কারণ দেশের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার গরিবদের উপর করের বোঝা চাপিয়ে কর্পোরেটদের ছাড় দিচ্ছে। যার কারনে দেশের ৮০ শতাংশ গ্রামীন মানুষের কাছে অর্থ পৌঁছাচ্ছে না। অপরদিকে এই বাজেটে মহিলাদের জন্য কোন অর্থ নেই। বাজেট সম্পূর্ণ একটা জনবিরোধী বাজেট বলে দাবি করেন তিনি।

