স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : প্রতিদিন হু হু করে বাড়ছে স্বর্ণের মূল্য। গলাকাটা মূল্যে এসে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে বাড়ছে রূপার মূল্য। রবিবার ১০ গ্রাম সোনার মূল্য ছিল এক লক্ষ ৫২ হাজার ৬৫০ টাকা এবং এক ভরি স্বর্ণের মূল্য এক লক্ষ ৭৮ হাজার ৯১ টাকা। অপরদিকে দশ ভরি রূপার দাম ৩ হাজার ২০০ টাকা এবং এক ভরি রুপার দাম ৩ হাজার ৭৩৩ টাকা। প্রতিদিন লাফিয়ে বাড়ছে স্বর্ণ এবং রূপার মূল্য। গত কয়েকদিন আগে স্বর্ণের ভরি এক লক্ষ ৮২ হাজার টাকার অধিক পৌছেছিল।
তারপর আবার ১০ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু তারপরেও স্বর্ণের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যার প্রভাব পড়ছে বাজারে। বিশেষ করে বিভিন্ন জুয়েলারিতে স্বর্ণের জিনিস কিনতে গিয়ে আকাশ থেকে মাটিতে পড়ছে ক্রেতারা। আগরতলা শহরের মধ্যে রয়েছে বেশ কয়েকটি জুয়েলারি দোকান। এই জুয়েলারির দোকানগুলির ব্যবসায়ীরা পর্যন্ত স্বর্ণের মূল্য নিয়ে অনেকটাই উদ্বিগ্ন। রবিবার এক প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী জানান, যেভাবে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগ হওয়ার বিষয়। কেন্দ্র সরকারের কাছে বাজেট পেশ হওয়ার আগে স্বর্ণ ব্যবসায়ীরা কিছু প্রস্তাব রেখেছিল। যেমন জিএসটি-র হার কমানো।
কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছিল দাবি দেওয়ার বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু বাজেট পেশ হওয়ার পর জানা গেছে সরকার স্বর্ণের মূল্য নিয়ে তেমন কোন বাজেটে গুরুত্ব দেয়নি। তবে আগামী দিন স্বর্ণের মূল্য আরো অনেক গুণ বাড়বে। ব্যবসায়ীরা চায়, স্বর্ণের মূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তবে সরকারের সঙ্গে আবারো ব্যবসায়ীরা কথা বলবে। যাতে মুল্য নিয়ন্ত্রণ করা হয় বলে জানান তিনি। উল্লেখ্য, এদিনের বাজেট পেশ করার পর জানা গেছে কিছু খনিজের মূল্য বাড়বে আগামী দিন।

