স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: অডিট করুন, নাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। মঙ্গলবার ৪০ সাব্রুম মন্ডলের উদ্যোগে শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন প্রাক্তন সংসদ রেবতী ত্রিপুরা। এদিন জনসভায় চাকুরী দুর্নীতি, সরকারি অর্থ দিয়ে উন্নয়নের পরিবর্তে নিজেদের বাড়িঘর নির্মাণ করা সহ একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তিপরা মথা এবং দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে কাঠগড়ায় তুলে ছাড়লেন প্রাক্তন সংসদ রেবতী ত্রিপুরা। তিনি বলেন, জনগণের অর্থ দিয়ে প্রদ্যুৎ বাবু এবং পূর্ণচন্দ্র বাবুরা নিজেদের বাড়িঘর নির্মাণ করছেন। অথচ সারা জীবন চাকরি করে অবসরে যাওয়া এডিসি-র কর্মচারীদের কাছে বিষ খাওয়ার পয়সা পর্যন্ত নেই। জনগণের অর্থ নয়ছয় করে তারা ব্যাপক দুর্নীতি করে চলেছে।
আগামী দিন এডিসি -র উন্নয়ন কিভাবে করতে হয় সেটা করে দেখাবে বিজেপি। পাশাপাশি হুঁশিয়ারি সুরে বলেন যদি সরকারি অর্থের অডিট করতে না দেন তাহলে জেলে যেতে হবে প্রদ্যোতের। কারণ আপনি সারাদিন সাংবিধানিক অধিকারের কথা বলেন। অথচ সংবিধান অনুযায়ী এডিসির অডিট করতে দিচ্ছেন না। তাই জেলে যাবে, নাকি অডিট করবে সেটা সম্পূর্ণভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর ছেড়ে দিলেন প্রাক্তন সংসদ! একই সঙ্গে এদিন রাহুল গান্ধীর সঙ্গে প্রদ্যুতকে তুলনা করলেন, বিজেপির পরিভাষায় দেশের পাপ্পু রাহুল গান্ধীর সঙ্গে। প্রদ্যোত কিশোর দেববর্মন রাহুল গান্ধীর বন্ধু। ভোটের সময় যেমন রাহুল গান্ধীকে খুঁজে পাওয়া যায় না, তিনি বিদেশ ঘুরেন, এবং ভোট শেষ হলে ভোট চুরির অভিযোগ তুলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে।
তেমনি আগামী দিন প্রদ্যোত অভিযোগ তুলতে চলেছেন এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে। অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনে যখন বিজেপি ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে তখন প্রদ্যুৎ বলবে ২০২৬ সালে বিজেপি মানিক সাহার নেতৃত্বে ভোট চুরি করে এডিসি তে প্রতিষ্ঠিত হয়েছে। তখন সিপিআইএম, কংগ্রেসের মত আন্দোলন করবে প্রদ্যোত। তাই ত্রিপুরার পাপ্পু হলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। সকলে যাতে প্রদ্যোতকে পাপ্পু বলে ডাকে তার জন্য আহবান করলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।

