স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জানুয়ারি : শুক্রবার রাজধানীর উত্তর বাধারঘাট স্থিত শংকরাচার্য্য বিদ্যায়তনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, শংকরাচার্য বিদ্যায়তনের অনেক সুনাম রয়েছে। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বহু ছাত্রী আজ দেশ-বিদেশে ত্রিপুরার নাম উজ্জ্বল করছে। বিদ্যালয়ের উন্নয়নে পাকা ভবন বাড়ানোর জন্য দাবি করা হয়েছিল কর্তৃপক্ষের কাছ থেকে।
তারপর তাদের দাবি অনুযায়ী নাবার্ডের কাছে তিন কোটি ৬০ লক্ষ টাকার অনুমোদন দিতে বলা হয়েছে। সে অনুযায়ী অনুমোদন পাওয়া যাবে বলে নিশ্চিত জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন শংকরাচার্য বিদ্যানিকেতনের ছাত্রীরা শুধুমাত্র পড়াশোনায় নয় খেলাধুলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরাকে আগামী দিন দেশের মধ্যে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে ত্রিপুরার ছেলেমেয়েরা বড় ভূমিকা নিতে পারে। মুখ্যমন্ত্রী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যাদের মধ্যে মূল্যবোধের শিক্ষা আছে তারা সমাজের মধ্যে কিংবা যেকোনো জায়গায় একটি কথা বললে তার কথা মানুষ শুনে। তাই প্রকৃত শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।
শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদেরও দায়িত্ব রয়েছে তারা যেন ছাত্র-ছাত্রীদের বইয়ের বাইরে প্রকৃত শিক্ষার দিকে নজর দেন। বর্তমান সরকারও চাইছে ছাত্রছাত্রীরা যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে। টিআইটি -কে আগামী দিন বিশ্ববিদ্যালয়ের স্তরে করার চিন্তাভাবনা করছে সরকার। সরকার চাইছে আগামী দিন ত্রিপুরাকে শিক্ষাক্ষেত্রে হাব করতে। সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে সরকার। আয়োজিত অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন খেলায় স্থান অধিকারী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শম্পা চৌধুরী, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।

