স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জানুয়ারি : ধর্ষণের পর তরুণী গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ শ্রীনগর থানাধীন কালীটিলা এলাকায়। ঘটনা এলাকার রঞ্জিত সাহার রাবার বাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ফরেন্সিক টিম। যুবতীর নাম পরিচয় কিছুই জানা যায়নি। স্থানীয় এক শ্রমিক জানান, সোমবার সকালে সাড়ে ছয়টা নাগাদ গাছ কাটতে গিয়ে মৃতদেহ নিয়ে টানা হেঁচড়া করতে দেখতে পান।
সাথে সাথে খবর দেওয়া হয় আশেপাশের লোকজনকে। তারা এসে দেখতে পায় অর্ধনগ্ন অবস্থায় অগ্নিদগ্ধ একটি মৃতদেহ। এবং মৃতদেহটি হয়তো তরুণী গৃহবধুর হবে। বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। মৃত মহিলার হাতে শঙ্খ রয়েছে। খবর দেওয়া হয় শ্রীনগর থানার পুলিশকে। পুলিশ এসে খবর দেয় ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়ার্ডকে। তারা এসে তদন্তে হাত লাগায়। পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোথাও খুন করে এই রাবার বাগানে এনে কেরোসিন ঢেলে গাছের পাতা লতা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মৃতদেহে। পুলিশ জানায় ঘটনা তদন্ত করা হচ্ছে। এলাকায় কোন গৃহবধূ নিখোঁজ নেই বলেও জানিয়েছেন শ্রীনগর থানার ওসি। তারপরও বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। তবে বিষয়টি অত্যন্ত জটিল বলে মনে করছে পুলিশ।

