স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ ডিসেম্বর : ধর্মনগরের চাঞ্চল্যকর মামলায় ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুকান্ডে অভিযুক্ত পাঁচজনকে মঙ্গলবার আদালতে তোলা হয়। অভিযুক্তরা হলো সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্যকে, মেঘদ্বীপ ভট্টাচার্য, পিউ ধর। তাদের আদালতে পেশ করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তারা আবার জামিনের আবেদন করে, কিন্তু মহামান্য আদালত তাদের জামিন খারিজ করে দেয়। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ প্রদান করেন। এর সাথে পুলিশকে নির্দেশ করেন আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসা বাদ যেন চালিয়ে যায়।
জেলের অভ্যন্তরেই সংবাদ মাধ্যমকে জানান সরকারি আইনজীবী রাধাকান্ত দাস। মঙ্গলবার থেকে এই প্রসেনজিৎ সরকার হত্যা মামলায় অভিযুক্তদের শাস্তি দাবিতে প্রসেনজিতের বাবা হাইকোর্টের আইনজীবী দেবদাস বক্সীকে নিযুক্ত করেছেন নিজে থেকেই। আইনজীবী দেবদাস বক্সী জানান যে তিনি আজকের শুনানিতে বিশেষভাবে লক্ষ্য করেছেন যে উত্তর ত্রিপুরা পুলিশ অতি গুরুত্ব সহকারে এই মামলাটির তদন্ত করছেন। তিনি তাঁর মতামত প্রকাশ করে বলেন উত্তর ত্রিপুরা পুলিশ যেভাবে সঠিক সময়ে সঠিকভাবে কাজ করে যাচ্ছে। যাতে এই মামলার সঠিক গতি নির্ধারিত হয়। পুলিশের পক্ষ থেকে আরো অনেক নতুন প্রমাণ পেশ করা হয়েছে আদালতে যা এই প্রসেনজিতের মামলাকে আরো দৃঢ় করতে সাহায্য করছে। তিনি আশাবাদী যে অতি শীঘ্রই প্রসেনজিৎ সুবিচার পাবে।

