স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : ইংরেজি নববর্ষ আসছে। ত্রিপুরাকে এক ত্রিপুরা বানাতে এবং জাতি জনজাতি মিলে একসাথে হয়ে প্রকৃত থানসা তৈরি করতে হবে রাজ্যবাসীর। রবিবার সিমনা মন্ডলের অন্তর্গত হাজামারা স্থিত মাল্টি পারপাস কমিউনিটি হলে মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে গিয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী কার্যকর্তাদের সঙ্গে এদিন মন কি বাত শ্রবণ করেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জনজাতিদের ভুল দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এবং তাদের অনুন্নয়ন লক্ষ্য করা গেছে এতদিন।
বর্তমান সরকার এবং ভারতীয় জনতা পার্টি জনজাতিদের এই দিশা থেকে বের করে আনার চেষ্টা করছে। জনজাতিদের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জনজাতি মহিলাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। ত্রিপুরার রাজ পরিবারের সদস্য যীষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল বানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে প্রকৃত সম্মান দিয়েছে বর্তমান সরকার। এগুলি বলার অপেক্ষা রাখে না। তবে যতই বাধা আসুক জনজাতিদের উন্নয়ন হবে। অন্তিম মাইল পর্যন্ত বর্তমান সরকার জনজাতিদের উন্নয়ন করে ছাড়বে।
সবচেয়ে বড় বিষয় হলো বর্তমান সরকার পিছিয়ে পড়া জেলাগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করে উন্নয়ন করে চলেছে। বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে জমি অধিকরণের সময় যে অর্থ সরকারের দেয়া হচ্ছে সেটা জনজাতিদের কাছে যাচ্ছে। শুধু তাই নয় জনজাতিদের উন্নয়নের জন্য জেলা ও মহকুমা স্তরে পর্যন্ত টিসিএস অফিসার নিযুক্ত করেছে সরকার। পাশাপাশি সমাজ পতিদের ভাতা ২০০০ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও যে কেপিং ছিল সেটা পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। ফলে সমস্ত সমাজপতিরা এই সুযোগ-সুবিধা পাবে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব বিপিন দেববর্মা ও মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা।

